নিয়ন্ত্রণ করুন যেকোন ড্রাইভে প্রবেশাধিকার

এর আগে আমি লুকিয়ে রাখুন হার্ডডিস্ক ড্রাইভ শিরোণামের একটি প্রবন্ধে কি ভাবে কোন ড্রাইভ লুকিয়ে রাখা যায় সে পদ্ধতি বর্ণনা করেছিলাম। কিন্তু এই পদ্ধতি অনুসরন করে ড্রাইভগুলোকে সাফল্যের সাথে লুকাতে পারলেও সচেতন ব্যবহারকারীদেরকে সেগুলোতে প্রবেশ করা থেকে বিরত রাখা যায় না। ড্রাইভ দেখা না গেলেও তারা রান কমান্ড অথবা এক্সপ্লোরারের অ্যাড্রেসবার ব্যবহার করে ড্রাইভগুলোতে ঠিকই অনুপ্রবেশ করতে পারবে। তাই আপনি যদি ব্যবহারকারীকে ড্রাইভে প্রবেশ থেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে চান, তাহলে আপনাকে নিচে বর্ণিত পদ্ধতি অনুসরন করতে হবে।

প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer ওপেন করুন। এখানে Explorer কীর ডান পার্শ্বস্থ প্যানেলে NoViewOnDrive নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর উপর ডাবল ক্লিক করে এটি ওপেন করুন এবং লুকিয়ে রাখুন হার্ডডিস্ক ড্রাইভ প্রবন্ধে বর্ণিত নিয়মানুযায়ী উপযুক্ত মান প্রবেশ করান। এরপর এডিটর বন্ধ করে ফিরে এসে কম্পিউটার লগ অফ অথবা রিস্টার্ট করুন। এবার সবগুলো ড্রাইভ দেখা যাবে ঠিকই কিন্তু নিষিদ্ধ ড্রাইভটিতে প্রবেশ করতে গেলেই একটা এরর ম্যাসেজ প্রদর্শিত হবে।

আপনাদের সুবিধার জন্য নিয়মটা এখানে আবার দিলাম : আপনি যদি সবগুলো ড্রাইভে প্রবেশ নিষিদ্ধ করতে চান তাহলে 67108863 মানটি Decimal ভ্যালু হিসেবে প্রবেশ করান। এছাড়া কোন নির্দিষ্ট ড্রাইভ নিষিদ্ধ করতে চাইলে তার জন্য নির্দিষ্ট একটি মান প্রদান করতে হবে। যেমন A এর জন্য 1, B এর জন্য 2, C এর জন্য 4, D এর জন্য 8, E এর জন্য জন্য 16 এভাবে প্রতিটি ড্রাইভ লেটারের জন্য এই মান দ্বিগুণ হতে থাকবে। এই হিসেবে Z এর জন্য মান হবে 33554432.

আপনি যদি দুই বা ততোধিক নির্দিষ্ট সংখ্যক ড্রাইভকে একসাথে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে সেই ড্রাইভগুলোর মানসমূহের যোগফল ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি D এবং G ড্রাইভ দুটোকে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে D এর মান 8 এবং G এর মান 64 এর যোগফল 72 NoDrives এ প্রবেশ করাতে হবে।

3 Responses to “নিয়ন্ত্রণ করুন যেকোন ড্রাইভে প্রবেশাধিকার”

  1. সাজ্জাদ হোসেন (স্বপন) Says:

    আসসালামু আলাইকুম।
    আজ প্রথম আপনার ব্লগটি দেখলাম। খুব ভাল লাগলো। ভাল লাগার থেকে হিংসা হলো বেশী। আমি একটি ব্লগ তৈরি করেছি কিন্তু কিভাবে পি.ডি.এফ ফাইলের লিংক দিতে হয় তা আমার জানা নাই। আর আরেকটি বিষয় হলো আমি আপনার সাইটে দেখলাম কোন শিরণামের উপরে ক্লিক করলে বিস্তারিত চলে আসে।তা কেমন করে হয় আমাকে জানালে উপকৃত হবো। ভাই যদি সম্ভব হয় তাহলে আমার ইমেইলে জানাবেন।
    স্বপন
    সৌদি-আরব

  2. মোজাম্মেল হোসেন ত্বোহা Says:

    ধন্যবাদ স্বপন ভাই। আপনার হিংসা লাগছে জেনে খুবই খুশি হলাম। আপনার ব্লগটা দেখলাম। একটা মাত্র কবিতা লিখে বসে থাকলে চলবে কেন? আরো লিখুন, সেগুলো পোস্ট করতে করতে অভিজ্ঞতা বাড়বে, তখন নিজেই অনেক সমাধান পেয়ে যাবেন।

    পিডিএফ ফাইল আপনি ইচ্ছে করলে ওয়ার্ডপ্রেসেই আপলোড করতে পারেন। এটা করতে পারেন “লিখুন” পাতায় ব্লগ “পোস্ট” টেক্সট বক্সের পাশে Add Media বাটনে ক্লিক করে। এছাড়া কোন কোথাও যেমন গুগল পেজস, মিডিয়া ফায়ার বা ই-স্নিপস এ আপলোড করে সেটার লিংকও দিতে পারেন। সেক্ষেত্রে আপলোড করার পর শুধু লিংকটা কপি-পেস্ট করে দিলেই চলবে।

    শিরোণামে ক্লিক করলে বিস্তারিত দেখানোর জন্য “লিখুন” পাতার “পোস্ট” টেক্সট বক্সে পুরো পোস্টটা লেখার পর প্রথম পাতায় যতটুকু দেখতে চান সেখানে কার্সর রেখে Alt+Shift+T প্রেস করুন অথবা টুলবার থেকে Insert More Tag এ ক্লিক করুন। এরপর পোস্টটা প্রকাশ করলে দেখবেন প্রথম পাতায় ঐ প্রথম অংশটুকুই দেখা যাচ্ছে এবং শিরোণামে ক্লিক করার পর পুরোটুকু প্রদর্শিত হচ্ছে।

    আশা করি বুঝতে পেরেছেন। না পারলে আবার আবার বলুন। সমস্যা নেই।

  3. সাইফুল ইসলাম Says:

    আপনার এ পদ্ধতিটি অনেকবার ট্রাই করেছি কোন কাজ হয়নি । ভূল কোথায় বুঝতে পারছি না । ধন্যবাদ ।


Leave a Reply