তৈরি করুন যেকোন ফাইল-ফোল্ডার-প্রোগ্রামের কী-বোর্ড শর্টকাট

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে খুব সহজেই যেকোন ফাইল-ফোল্ডার বা প্রোগ্রাম চালু করার জন্য শর্টকাট কী নির্দিষ্ট করে দেওয়া যায়। কম্পিউটারে রক্ষিত হাজার হাজার ফাইল-ফোল্ডারের মধ্য থেকে অতি-প্রয়োজনীয় ফাইল-ফোল্ডারগুলোকে মুহূর্তের মধ্যেই চালু করার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ সহায়ক হতে পারে। এই পদ্ধতিতে যেহেতু CTRL+ALT+KEY, CTRL+SHIFT+KEY এবং ALT+SHIFT+KEY তিনভাবেই শর্টকাট কী অ্যাসাইন করা যায় এবং কী হিসেবে অক্ষর এবং সংখ্যা সহ কী-বোর্ডের প্রায় সবগুলো কী-ই ব্যবহার করা যায়, কাজেই এর মাধ্যমে কমপক্ষে আড়াইশো শর্টকাট কী অ্যাসাইন করা সম্ভব।

আপনি যদি কোন প্রোগ্রামের জন্য শর্টকাট কী অ্যাসাইন করতে চান, তবে সেই প্রোগ্রামটিকে অবশ্যই স্টার্ট মেনুতে অথবা ডেস্কটপে শর্টকাট আইকন হিসেবে থাকতে হবে। আর যদি কোন ফাইল বা ফোল্ডারের জন্য শর্টকাট কী নির্ধারণ করতে চান, তাহলে যেহেতু তারা স্টার্ট মেনুতে থাকে না, তাই তাদেরকে অবশ্যই ডেস্কটপেই (শর্টকাট হিসেবে) থাকতে হবে।

মনে করুন, আপনি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করার জন্য CTRL+SHIFT+W কী কম্বিনেশনটি নির্ধারণ করতে চাইছেন। তাহলে প্রথমে স্টার্ট মেনু থেকে অথবা যদি ডেস্কটপে থাকে তাহলে সেখান থেকে এমএস ওয়ার্ডের শর্টকাট আইকনের উপর রাইট ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে Properties সিলেক্ট করুন। এখানে Shortcut ট্যাবের Shortcut Key: টেক্সট বক্সটির উপর ক্লিক করে একসাথে CTRL+SHIFT+W কী গুলো প্রেস করুন। এরপর OK বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। এরপর থেকে আপনার যখনই এমএস ওয়ার্ড চালু করার প্রয়োজন হবে, তখন শুধু CTRL+SHIFT+W প্রেস করলেই তা চালু হয়ে যাবে।

মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কী

চিত্র : মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কী-র উদাহরণ

এ পদ্ধতির একটা ছোট সমস্যা হল, এতে কোন ফাইল-ফোল্ডারের জন্য শর্টকাট কী অ্যাসাইন করতে চাইলে তাকে ডেস্কটপে থাকতে হয়। এখন যদি প্রতিনিয়তই প্রয়োজন হয় এমন একশটি ফাইল-ফোল্ডারের জন্য আপনি শর্টকাট কী অ্যাসাইন করতে চান, তাহলে? আপনি নিশ্চয়ই এতগুলো আইটেমকে একসাথে ডেস্কটপে রাখতে পছন্দ করবেন না? সমস্যাটার সমাধান আপনি করতে পারেন এভাবে -  প্রাথমিকভাবে যে ফাইলগুলো প্রয়োজন, সেগুলোকে ডেস্কটপে শর্টকাট হিসেবে কপি করে কী অ্যাসাইন করে দিয়ে এরপর শর্টকাটগুলোকে হিডেন করে দিন। কিন্তু সাবধান, ডিলিট করবেন না। তা হলে আর শর্টকাট কী কম্বিনেশন কাজ করবে না।

One Response to “তৈরি করুন যেকোন ফাইল-ফোল্ডার-প্রোগ্রামের কী-বোর্ড শর্টকাট”

  1. Jakaria Says:

    http://computerbd.blogspot.com যাতে মাত্র এক ক্লিকে দীর্ঘ দিন ধরে প্রত্রিকায় প্রকাশিত কম্পিউটার বিষয়ক (প্রয়োজনীয়) লেখাগুলো পড়ে ফেলতে পাড়েন।


Leave a Reply