সূরা ইয়াসীন : মক্কাবতীর্ণ : আয়াত – 83 : রুকু’ – 5
শুরু করিতেছি আল্লাহ্র নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
ইয়া-সীন,
হেক্মতপূর্ণ ক্বোরআনের শপথ,
নিঃসন্দেহে আপনি রসূলগণের অন্যতম,
(এবং) সরল পথের উপর আছেন;
এই ক্বোরআন প্রবল প্রভাবশালী করুণাময়ের পক্ষ হইতে অবতারিত হইয়াছে,
যেন আপনি এমন লোকদিগকে ভয় প্রদর্শন করেন, যাহাদের পূর্ব পুরুষগণ ভয় প্রদর্শিত হয় নাই, বস্তুতঃ এই কারণেই তাহারা বে-খবর রহিয়াছে।
তাহাদের অধিকাংশের উপর (তক্দীরের) বিধান সাব্যস্ত হইয়া গিয়াছে, সুতরাং ইহারা (কখনও) ঈমান আনিবে না।
আমি তাহাদের গ্রীবাদেশে (ভারি ভারি) বেড়ি লাগাইয়া দিয়াছি, আবার উহা চিবুক পর্যন্ত পৌছিয়াছে, যদ্দরুন তাহারা উর্ধ্বমুখী হইয়া আছে।
এবং আমি তাহাদের সম্মুখের দিকে একটি প্রাচীর এবং তাহাদের পশ্চাদ্দিকে একটি প্রাচীর করিয়া দিয়াছি, যদ্দ্বারা আমি (সকল দিক হইতে) তাহাদিগকে সমাচ্ছন্ন করিয়া দিয়াছি, সুতরাং তাহারা দেখিতে পায় না।
আর তাহাদিগকে আপনার ভয় প্রদর্শন করা, অথবা প্রদর্শন না করা, তাহাদের পক্ষে উভয়ই সমান, তাহারা ঈমান আনিবে না।
আপনি ত কেবল এমন লোককেই ভয় প্রদর্শন করিতে পারেন, যে-নছীহত অনুযায়ী চলে এবং আল্লাহ্কে না দেখিয়া ভয় করে, অতএব আপনি তাহাকে ক্ষমা ও উত্তম বিনিময়ের সুসংবাদ শুনাইয়া দিন।
নিঃসন্দেহে আমি (এক দিন) মৃতদিগকে জীবিত করিব, আর আমি লিপিবদ্ধ করিয়া লইতেছি সেই আমলগুলিও যাহা মানুষ (মৃত্যুর) পূর্বে পাঠাইতে থাকে এবং তাহাদের সেই কার্যগুলিও যাহা পশ্চাতে রাখিয়া (মরিয়া) যায়; এবং আমি প্রত্যেক বিষয়কে এক সমুজ্জ্বল কিতাবে (-লওহে-মাহ্ফূযে) সংরক্ষিত করিয়া রাখিয়াছি।
[চলবে ... ]
মূল : মাওলানা আশ্রাফ আলী থানভী
অনুবাদ : মাওলানা নূরুর রহ্মান