ইন্টারনেটে পাওয়া যায় না এরকম গান, নাটক, সিনেমা অথবা ম্যাগাজিন অনুষ্ঠান বর্তমানে প্রায় নেই বললেই চলে। বৈধ বা অবৈধ যেভাবেই হোক না কেন, একটু খুঁজলেই যেকোন গান বা নাটক আপনি খুব সহজেই খুজে বের করতে পারবেন। কিন্তু এগুলো খুজে পাওয়া যতো সহজ, ডাউনলোড করা ততো সহজ না। গানের ব্যাপারটা অবশ্য একটু ভিন্ন। সাইজে ছোট বলে অনেকেই এগুলো নিজস্ব সার্ভারে আপলোড করে হট লিংক দিয়ে দেয়। ফলে আপনার কাছে কোন গানের লিংক থাকলে আপনি সেই লিংক ব্যবহার করে যেকোন কম্পিউটার থেকে যকোন সময়ে গানটা ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু সমস্যা হয় নাটক অথবা সিনেমা জাতীয় বড় বড় ফাইলের ক্ষেত্রে।
খুব কম সংখ্যক মানুষই নাটক-সিনেমা নিজস্ব সার্ভারে আপলোড করে। আর আপলোড করলেও সার্ভার থেকে রিজিউম সাপোর্ট ডিজ্যাবল করে রাখে। ফলে কোন ফাইল 90% ডাউনলোড হওয়ার পরেও যদি কোন কারণে ইন্টারনেট কানেকশন কেটে যায় অথবা কম্পিউটার রিস্টার্ট হয়ে যায়, তাহলেও আপনাকে আবার 0% থেকে ডাউনলোড শুরু করতে হবে। আর আপনি যদি ডায়ালআপ ব্যবহার করেন এবং আপনার স্পীড যদি 20 kbps এর কম হয়, তাহলে আপনি এসব সার্ভার থেকে কোন কিছু ডাউনলোড করতেই পারবেন না। এমনকি কোন ডাউনলোড অ্যাক্সিলারেটর বা ম্যানেজার ব্যবহার করেও না।
ফাইলগুলো যদি এভাবে নিজস্ব সার্ভারে রাখা থাকে, তাহলে সেগুলো থেকে রিজিউম সাপোর্ট আদায় করার কোন ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। কিন্তু ফাইলগুলো যদি নিজস্ব সার্ভারে না রেখে এমন কোন অনলাইন স্টোরেজে রাখা হয় যেটা স্বাভাবিক অস্থায় রিজিউম সাপোর্ট দেয় না, তাহলে নিচের পদ্ধতি ব্যবহার করে আপনি সম্ভবত সেগুলোকে রিজিউম করতে পারবেন। অবশ্য এই পদ্ধতি রেপিডশেয়ার, মেগাআপলোড জাতীয় সাইটগুলোর ক্ষেত্রে কাজ করবে না।
ইন্টারনেটে ফ্রি ডাউনলোডযোগ্য প্রচুর নাটক সিনেমা পাওয়া যায় এমন একটা সাইট হল মিডিয়াফায়ার। কিন্তু এ জাতীয় অধিকাংশ সাইটের মতোই এতে আপলোড করা ফাইলসমূহের কোন হট লিংক থাকে না। এতে প্রতিটা আপলোড করা ফাইলের জন্য একটা রেফারেন্স লিংক থাকে যে লিংকটা ব্রাউজারে চালু করলে তাত্ক্ষণিকভাবে ব্রাউজারের রিকোয়েস্টের ভিত্তিতে সার্ভার থেকে আপনাকে একটা ডাউনলোড লিংক দিবে। কিন্তু এই লিংকটা হবে অস্থায়ী এবং অবিতরণযোগ্য। অর্থাত্ নির্দিষ্ট সময় পরে এটা আর কাজ করবে না এবং যতক্ষণ কাজ করবে ততক্ষণও এটা যে কম্পিউটার থেকে পাওয়া গেছে শুধুমাত্র সেই কম্পিউটারেই কাজ করবে। শুধু মিডিয়া ফায়ার না, বর্তমানে অধিকাংশ ফাইল স্টোরেজ সাইটের পদ্ধতি মোটামুটি একই রকম।
এখন আপনার ইন্টারনেট কানেকশন যদি খুব ফাস্ট হয়, তাহলে আপনি এসব সাইট থেকে কয়েকশ মেগাবাইট সাইজের ফাইল কোন রকম ঝামেলা ছাড়াই ডাউনলোড করে ফেলতে পারবেন। কিন্তু আপনার স্পীড যদি কম হয় অথবা ফাইলের সাইজ যদি অনেক বড় হয় তাহলে আপনার পক্ষে সম্পূর্ণ ফাইলটা একবারে ডাউনলোড করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে ফাইলটা কিছু সময় পরে আর ডাউনলোড হচ্ছে না। এমন কি ডাউনলোড রিজিউমও করা যাচ্ছে না। এর কারণ হচ্ছে এই সময়ের মধ্যেই ফাইলটার ডাউনলোড লিংক পরিবর্তিত হয়ে গেছে।
এই সমস্যা সমাধানের জন্য অর্থাত্ এরকম অবস্থায় ডাউনলোড রিজিউম করার জন্য আপানাকে ঐ ফাইলের রেফারেন্স লিংকটা অর্থাত্ যে লিংকটা ব্যবহার করে আপনি প্রথমবার ডাউনলোড লিংকটা পেয়েছিলেন সেই লিংকটা পুনরায় ব্রাউজারে চালাতে হবে। এরফলে আপনি ফাইলটার একটা নতুন ডাউনলোড লিংক পাবেন। আপনি যদি ভালোভাবে লক্ষ করেন তাহলে দেখতে পাবেন যে পূর্বের ডাউনলোড লিংক এবং এই ডাউনলোড লিংক ভিন্ন। এবার আপনি যেই ডাউনলোড ম্যানেজার দিয়ে ফাইলটা ডাউনলোড করছিলেন (ধরে নিচ্ছি Internet Download Manager) তার ডাউনলোড লিস্ট থেকে ঐ ফাইলটার নামের উপর রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবার এই Properties উইন্ডোর Referer বক্সে ঐ রেফারেন্স লিংকটা এবং Address বক্সে নতুন ডাউনলোড লিংকটা প্রবেশ করিয়ে এরপর Resume বাটনে ক্লিক করুন। দেখবেন কোন ঝামেলা ছাড়াই পুনরায় ডাউনলোড শুরু হয়ে গেছে।
মাঝে মাঝে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে মিডিয়া ফায়ার থেকে ডাউনলোডের সময় কিছু কিছু ফাইল 99.99% ডাউনলোড হয়ে এরপর আর ডাউনলোড হয় না। সেক্ষেত্রে এই পদ্ধতি পর পর দুইবার প্রয়োগ করলেই সমস্যা সমাধান হয়ে যাবে। IDM ছাড়াও অন্যান্য ডাউনলোড ম্যানেজারেও এই পদ্ধতি সুন্দরভাবে কাজ করে। কিন্তু সেসব ক্ষেত্রে ফাইলটা করাপ্টেড হওয়ারও সম্ভবনা থাকে। বিশেষ করে ফাইলটা যদি *.rar ফাইল হয় তাহলে IDM ছাড়া অন্য কোন সফটওয়্যার যেমন Orbit Downloader দিয়ে এই পদ্ধতি প্রয়োগ না করাই ভালো।
28 অগাষ্ট, 2008 at 10:20 am
ভাই আপনি এটা ফোরামে পোষ্ট করেন। আপনার লেখাটা অনেক গোছানো হয়েছে।
28 অগাষ্ট, 2008 at 1:22 pm
ধন্যবাদ মাহবুব ভাই। আপনি যদি মাহবুব জামান আশরাফী হয়ে থাকেন, তাহলে কিন্তু এই আইডিয়াটা আমি আপনার কাছ থেকেই পেয়েছিলাম।
আপনি যেহেতু প্রজন্ম ফোরামে এই বিষয়ের উপর একবার লিখেছেন, তাই আমি সেখানে আর দিচ্ছি না। বরং যেসব সাইটের অনেকে হয়তো এখনও এটা পড়েনি, সেসব সাইটেই দেওয়ার চেষ্টা করছি।
28 অগাষ্ট, 2008 at 3:52 pm
খুব ভাল একটা টিপস।
টিনটিন নামাতে গিয়ে এই একটু আগেও আমার সমস্যাটা হয়েছিল। ৯৯.৯৯% হয়ে আটকে গেল। এই পদ্ধতিটা কাজে লাগিয়ে এখন ডাউনলোড কম্প্লিট হয়েছে। ধন্যবাদ। (y)
31 অগাষ্ট, 2008 at 1:19 pm
অনেক উপকারী একটি পোস্ট। ধন্যবাদ।
3 সেপ্টেম্বর, 2008 at 7:56 am
কিন্তু ভাই, আমি সাইবার ক্যাফে থেকে প্রায়ই ফাইল ডাউনলোড করে থাকি। তো অধিকাংশ ক্যাফেতেই কোন ডাউনলোড ম্যানেজার থাকে না। ইন্টারনেট এক্সপ্লোরার সরাসরি ডাউনলোড করে। এসব ডাউনলোডের ক্ষেত্রে কি রিজিউম করা সম্ভব?
3 সেপ্টেম্বর, 2008 at 3:29 pm
আমার মনে হয় না এক্ষেত্রে কোন সমাধান আছে। এটা ব্যবহার করে সাধারণ ফাইলই রিজিউম করা যায় না, আবার মিডিয়াফায়ার জাতীয় সাইটের ফাইল?
এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি সাইবারক্যাফেতে গিয়ে প্রথমেই IDM ইনস্টল করে নিবেন। এরপর অন্যফাইলগুলো সেটা দিয়ে ডাউনলোড করবেন। যদি আপনার সাইবারক্যাফে আপনাকে কোন সফটওয়্যার ইনস্টলেশন অ্যাকসেস না দেয়, তাহলে আপনি IDM এর Portable ভার্সন ব্যবহার করতে পারেন। এটা ইনস্টল করা ছাড়াই সরাসরি ব্যবহার করা যায়।